গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান, মোট সহায়তা ১,৮১৫ টন
- আপডেট সময় : ০৮:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ রওনা দেবে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানিয়েছে, নতুন এই চালানের মাধ্যমে দেশটি এখন পর্যন্ত গাজা ও ফিলিস্তিনে মোট ১,৮১৫ টন ত্রাণ পাঠাল।
বিশেষ ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং এনডিএমএর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
ত্রাণের মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র, যা জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সেখান থেকে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন সহায়তা পাঠানোর প্রস্তুতিও চলছে। সেটি পাঠানো হলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১,৯১৫ টনে।
এনডিএমএ জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান ভবিষ্যতেও ফিলিস্তিনিদের পাশে থাকবে।















