নেতাই নদীর ভাঙনে হুমকির মুখে বন্দউষান বাজার ও মসজিদ, এলাকাবাসীর স্থায়ী বেড়িবাঁধের দাবি
- আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৫১৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বন্দউষান বাজার এখন মারাত্মক নদীভাঙনের হুমকিতে। পাহাড়ি ঢলে ফুলে ওঠা নেতাই নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে বাজার সংলগ্ন সড়ক, শতাধিক দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজারের দোকান পাট।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নেতাই নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর পানির প্রবল চাপ বাঁধ এবং আশপাশের ঘরবাড়ির ভিটেমাটি ধ্বংস করছে। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এলাকাবাসীর আশঙ্কা, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে প্রায় ৩ যুগ পুরনো ঐতিহ্যবাহী এই বাজার এবং সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদ সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ অবস্থায় এলাকাবাসী নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের একটাই দাবি, “আমরা আর প্রতিবার ঘরবাড়ি হারাতে চাই না, বাজার হারাতে চাই না। আমাদের জন্য স্থায়ী বাঁধ চাই।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও ভাঙনের ভয়াবহতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।













