মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না: সারজিস আলম
- আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না।” তিনি দাবি করেন, বাহাত্তরের সংবিধান একটি দলের ছিল, আরেকটি দেশ থেকে তা পাস হয়ে এসেছে। এ সংবিধান ভেঙে নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে সারজিস আলম বলেন, “২৩ বছর পাকিস্তান শাসনে থেকেছি, অধিকার পাইনি। ৫৪ বছরেও এই দেশে অধিকার আসেনি। আজ থেকে এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা ছিলাম। সেদিন হাসিনার পতনের ডাক এসেছিল। আজও সেই দাবি পূরণ হয়নি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।”
তিনি বলেন, “এক বছর আগে যারা এখানে ছিল, তাদের অনেকে আজ শহীদ। তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত। আমরা শহীদদের হত্যার বিচার, আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন চাইতে এসেছি। মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবি জানাতে এসেছি।”
এনসিপির এই নেতা বলেন, “এই লড়াই কেবল ২০২৪ সালের নয়। যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ২০১৩ সালের শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচার চাই। বাংলাদেশে যেমন জঙ্গিবাদ চলবে না, তেমনি জঙ্গি নাটকও চলবে না।”
সারজিস আলম আরও বলেন, “সিভিল সোসাইটি নামধারী সব দালালদের আর বাংলাদেশে বরদাশত করা হবে না।”













