এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের আজ এই শপথ নিতে হবে যে, আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।”
রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্রসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন; শুধুমাত্র সুন্দর একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য। ন্যায়বিচারের জন্য।”
তরুণ প্রজন্মের ভূমিকাকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার। সারা দেশ থেকে তরুণরা আজ এখানে এসেছেন। এটা অন্তত আনন্দের দিন—একই সঙ্গে কষ্টের দিনও। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ।”
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।














