আল-আকসা কম্পাউন্ডে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর
- আপডেট সময় : ০৪:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

পবিত্র আল-আকসা কম্পাউন্ডে গিয়ে উচ্চ স্বরে প্রার্থনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রোববার (৪ আগস্ট) তিনি কম্পাউন্ডে দাঁড়িয়ে ঘোষণা দেন, “গাজা অবশ্যই দখল করতে হবে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল জানায়, টেম্পল মাউন্টে উপস্থিত হয়ে বেন গভির বলেন, “আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের কর্তৃত্ব কায়েম করা সম্ভব। এখান থেকেই বার্তা দেওয়া দরকার, পুরো গাজা দখল করতে হবে, হামাসকে নির্মূল করতে হবে, ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি দাবি করেন, হামাস ইসরায়েলকে চাপে ফেলতেই জিম্মিদের ভিডিও প্রকাশ করছে। এক ভিডিওতে জিম্মি ইসরায়েলি নাগরিক ইভিয়াতার ডেভিডকে একটি সুড়ঙ্গে নিজের কবর খুঁড়তে বাধ্য করা হচ্ছে।
তিশা ব’আভ উপলক্ষে শতাধিক ইহুদি অনুসারী নিয়ে বেন গভির আল-আকসা কম্পাউন্ডে যান। একইদিন সেখানে উপস্থিত ছিলেন লিকুদ পার্টির এমপি অমিত হালেভি ও নিউ হোপ পার্টির এমপি শ্যারেন হাসকেল।
জর্ডান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেন গভিরের সফরকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন ও স্পষ্ট উসকানি হিসেবে আখ্যা দিয়েছে।
জর্ডানের দাবি, আল-আকসা ও কুব্বাতুস সাখরা যেসব এলাকাজুড়ে অবস্থিত, সেখানে শুধু মুসলমানদের প্রার্থনার অধিকার রয়েছে। ইসরায়েলি সরকারের প্রতি এ ধরনের উস্কানিমূলক কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে জর্ডান।
















