মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মদিনা শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের মদিনা নগরী—যেখানে অবস্থিত মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী—৮০টি মানদণ্ড পূরণ করে এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে ডব্লিউএইচও’র স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
গভর্নর প্রিন্স সালমান বলেন, “নগর কেন্দ্রগুলোতে জনগণের জীবনমান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠা ও অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ হলো মদিনার এই স্বীকৃতি।” তিনি মদিনার উন্নয়ন অভিযাত্রাকে সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যপূরণে একটি ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মডেল’ বলেও উল্লেখ করেন।
ডব্লিউএইচও’র এই স্বীকৃতি অর্জনের জন্য একটি শহরকে ৮০টি নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হয়। এতে পার্ক, হাঁটার উপযোগী এলাকা, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং স্বাস্থ্যসেবা-বান্ধব স্কুল ব্যবস্থাপনার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকে।
এর আগে জেদ্দা শহর একই স্বীকৃতি পেয়েছিল। এবার মদিনাও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে নিজ অবস্থান সুদৃঢ় করল।
এছাড়া সৌদি আরবের আরও ১৪টি শহর—তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা ও শরুরাহসহ—‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে ডব্লিউএইচও’র স্বীকৃতি পেয়েছে।
















