কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, অভিযুক্ত পলাতক
- আপডেট সময় : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় সায়মন নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ চলাকালে পেছন থেকে হামলা চালায় অভিযুক্ত যুবক সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, সায়মন পেশায় মোবাইল ব্যবসায়ী। অভিযুক্ত সুমন শংকুচাইল গ্রামের কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত। কয়েকদিন আগে সুমন সায়মনের দোকান থেকে একটি মোবাইল ফোন মেরামত করিয়ে টাকা না দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে সুমন তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
আহতের ভাই সজীব জানান, পূর্ব বিরোধের জের ধরেই সুমন মসজিদে নামাজের সময় সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনার সময় মসজিদে ইমামতিতে থাকা হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
















