জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের পক্ষাবলম্বনের অভিযোগ ইসলামী আন্দোলনের
- আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

জুলাই সনদের খসড়াকে ‘দুর্বল ও আইনি ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। দলটির নেতারা বলেছেন, খসড়ায় পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনার নাম এড়িয়ে চলা হয়েছে, যা ফ্যাসিবাদের পক্ষাবলম্বনের সামিল।
শনিবার (২ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ শাখার মজলিসে আমেল বৈঠকে এসব মন্তব্য করেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন এবং পরিচালনা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজমুদার।
নেতারা বলেন, “সাম্প্রতিক ফোনালাপে শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দিতে শোনা গেলেও খসড়ায় তার নাম না থাকা রহস্যজনক। খসড়ায় ফ্যাসিবাদের নৃশংসতা ও দুঃশাসনের বাস্তব চিত্র উপস্থাপন করা হয়নি।” তারা আরও বলেন, “জুলাই সনদে ইসলামী আন্দোলন ও মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান উপেক্ষিত হয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন আলহাজ আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, ফজলুল হক মৃধা, শেখ মো. আবু তাহের, গোলাম মোস্তফা, মুফতি আব্দুল আহাদ, গোলামুর রহমান আযম ও হাফেজ সালাহউদ্দিন।














