নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশের লড়াই এখনও চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল শহীদ মিনারে আমাদের জুলাই পদযাত্রার পরিসমাপ্তি হবে। এ পদযাত্রা ছিল বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে। এতে যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও জানান, সরকার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে, এনসিপি এ উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কমিশনের কাছ থেকে এখনও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা মেলেনি। অনেক বিষয়ে ঐকমত্য হলেও কিছু ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, যেগুলোর বিষয়ে এখনো কমিশনের অবস্থান অস্পষ্ট।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, “জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না। জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি স্পষ্ট হলেই সব দল এতে স্বাক্ষর করবে।”













