সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিকভাবে বাদ দেওয়ার অভিযোগ সামান্তা শারমিনের
- আপডেট সময় : ০৭:২৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটি থেকেই নারীদের ‘সিস্টেমেটিকভাবে সাইড’ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নারীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সাইবার বুলিং ও চরিত্রহননের চেষ্টা চলছে, অথচ অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নীরব।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কার্যালয়ে ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আয়োজন করে জাতীয় যুবশক্তি।
সামান্তা শারমিন বলেন, “জুলাই আন্দোলনে দেশের প্রতিটি জেলায় মেয়েরা ফ্রন্টলাইনে ছিলেন। অথচ এখন সব কমিটিতে নারীদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। তাদের ‘অনিরাপদ’ দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে।” তিনি জানান, পরিবারের পক্ষ থেকেও এখন মেয়েদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, “আমরা ক্যারেক্টার শেমিং, স্লাট শেমিং, সাইবার বুলিং—এসবের বিরুদ্ধে লড়ছি। অথচ অন্তর্বর্তী সরকার বলছে, তাদের কাছে ডেটা নেই। এমনকি প্রেস সচিব পর্যন্ত বলেছেন, ‘ডেটা নাই’। এটা আসলে রাষ্ট্রীয় উদাসীনতা।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে সামান্তা বলেন, “‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে মেয়েরা আওয়ামী লীগের ন্যারেটিভ ধ্বংস করে দিয়েছে। মিছিলে ছেলেদের রক্ষা করতে মেয়েরাই সামনে গিয়েছিলেন।”
সেমিনারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “নারীরা যেন নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেটা নিশ্চিত করা জরুরি।” তিনি বলেন, “পুরুষদের বেলায় যতটা যোগ্যতা বিবেচনা করা হয়, নারীদের বেলায় তার চেয়ে অনেক বেশি প্রশ্ন তোলা হয়, যেটা নারীদের পথ রুদ্ধ করে দেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবিন, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীনূর নার্গিস, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন প্রমুখ।













