পাকিস্তানে ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের দলের ১০৮ জন নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছে। ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর সামরিকবিরোধী সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
রায়ে পিটিআই-সমর্থিত বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দলের আরও ছয়জন সংসদ সদস্যকে তাদের পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দলটির দাবি, এসব শাস্তি শুধুমাত্র ইমরান খানের আদর্শের প্রতি আনুগত্য ও সাংবিধানিক আন্দোলনে অংশগ্রহণের কারণেই দেওয়া হয়েছে।
রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে পিটিআই একে ‘লজ্জাজনক ও দুঃখজনক নজির’ হিসেবে উল্লেখ করেছে। দলের মিডিয়া উপদেষ্টা জুলফি বুকারি বলেন, এটি পাকিস্তানের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন। বিরোধী নেতাদের সাজা দিয়ে ভঙ্গুর গণতন্ত্রকে আরও দুর্বল করা হচ্ছে।
২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পিটিআই-সমর্থকরা সামরিক স্থাপনাসহ বিভিন্ন সরকারি ভবনে আক্রমণ চালায়, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান।
পরে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ ১৫০টির বেশি মামলা হয়। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ আসনে জয়ী হলেও সরকার গঠনের সুযোগ পায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায় ইমরান খান ও তার দলের ওপর চাপ আরও বাড়িয়ে দিল এবং পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা ফের উসকে দিল।
















