শুল্কহার হ্রাসের বিষয়টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য একটি “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সাফল্য বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আলোচক দলের কৌশলগত দক্ষতার একটি স্পষ্ট প্রমাণ।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা— যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম— আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল উদাহরণ।”
তিনি বলেন, “গত ফেব্রুয়ারি থেকে আমাদের আলোচক দল নিরলসভাবে কাজ করেছে। শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়ে অত্যন্ত সফলভাবে আলোচনা করে চুক্তিটি সম্পন্ন করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রাখা সম্ভব হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশাধিকার বেড়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষিত হয়েছে।”
এই সাফল্যকে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে “ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি” হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এটি আমাদের সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল।”
তিনি আরও বলেন, “আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা এবং একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।”
এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে শুল্কহার কমিয়ে আনে। নতুন হার শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসের এক ঘোষণায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের ওপর আরোপিত নতুন শুল্কহারের তালিকা প্রকাশ করা হয়েছে।
ঘোষণায় বলা হয়, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।















