অষ্টগ্রামে কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে চুরি, গেছে লাখ টাকার বেশি
- আপডেট সময় : ০৮:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে মসজিদের প্রধান ফটকের সামনে থাকা পাকা দানবাক্সটি ভেঙে তারা ঘটনাটি ঘটায়।
মসজিদ কমিটির ধারণা, চুরি হওয়া টাকার পরিমাণ লাখ টাকার বেশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে শতাধিক মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন এবং দান ও মান্নত করে থাকেন। নিয়মিতভাবে প্রতি ২-৩ মাস পর দানবাক্স খোলা হয়। সর্বশেষ মে মাসে দানবাক্স খুলে প্রায় ৯০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। সম্প্রতি অষ্টগ্রামে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে মানুষের সমাগম বাড়ায় এবার দানবাক্সে তার চেয়ে বেশি টাকা জমা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কুতুব শাহী মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি বলেন, “চুরির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা নেবেন।” তিনি প্রাথমিকভাবে জানান, চুরি হওয়া অর্থের পরিমাণ এক লাখ টাকার বেশি হতে পারে।
স্থানীয়রা বলছেন, মসজিদটিতে কোনো পাহারাদার নেই। ফলে রাতের বেলা ফাঁকা থাকায় দানবাক্স ভাঙা দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। চুরির ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মসজিদ কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি প্রক্রিয়াধীন।”
















