কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ট্রাম্পের হুমকি
- আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কানাডার এই সিদ্ধান্ত মার্কিন-কানাডা বাণিজ্য চুক্তিকে অনিশ্চয়তার মুখে ফেলবে।
ট্রাম্প এক পোস্টে লিখেছেন, “বাহ! এর ফলে তাদের (কানাডা) সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে।”
এক সংবাদ সম্মেলনে কার্নি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তিনি বলেন, দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, গাজায় মানবিক বিপর্যয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্বীকৃতির আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শাসন ব্যবস্থায় বড় সংস্কার আনতে হবে এবং সমগ্র ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার উদ্যোগ নিতে হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে—কার্নি তার পরিকল্পনায় অটল থাকবেন কি না।
















