জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রস্তাবে সম্মতি দেননি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি—এ বক্তব্য সত্য নয়।
নাহিদের দাবি, ৫ আগস্ট রাতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়। সেই বৈঠকে তারেক রহমান জাতীয় সরকারে অসম্মতি জানিয়ে নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। ছাত্রদের পক্ষ থেকে তখন ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রধান উপদেষ্টার প্রস্তাব হিসেবে তোলা হয়।
তিনি আরও বলেন, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে তাদের আবারও আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি বৈঠকে উপদেষ্টা তালিকা পর্যালোচনা করা হয়।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা সাদিক কাইয়ুম সম্প্রতি এক টকশোতে বলেছেন, ছাত্রশক্তি শিবিরের দিকনির্দেশনায় গঠিত হয়েছিল। এ প্রসঙ্গে নাহিদ বলেন, এই বক্তব্য মিথ্যাচার। ‘গুরুবার আড্ডা’ পাঠচক্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলনের একটি অংশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কেলের সমন্বয়ে ছাত্রশক্তি গঠিত হয়।
নাহিদ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারা ক্যাম্পাসের প্রায় সব সংগঠন ও নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখতেন, এর মধ্যে শিবিরের সঙ্গেও যোগাযোগ ছিল। তবে এই যোগাযোগ রাজনৈতিক সংযুক্তির প্রমাণ নয় বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “কখনো সহায়তা বা যোগাযোগ থাকা মানেই কোনো গোষ্ঠীর অধীন হয়ে কাজ করা নয়। যারা এমন দাবি করছেন, তারা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”













