ছাত্র উপদেষ্টাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১২:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যারা বহন করছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র।”
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভা মোড়ে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন, তারা নাগরিক পার্টির কেউ নন—তবে তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে তারা দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে।”
এনসিপি আহ্বায়ক বলেন, “এসব ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। কারণ জনগণই এই আন্দোলনের প্রকৃত চালিকাশক্তি।”
আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, “সেখান থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। এটা হবে নতুন সংবিধানের প্রস্তাবনার ভিত্তি।”
নাহিদ বলেন, “গত বছরের ১ জুলাই কোটা বাতিলের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তা বৈষম্যবিরোধী গণআন্দোলনে পরিণত হয়। এরপর এক বছরের মধ্যেই আন্দোলনের সব স্তরে নানা বাধা এসেছে। সংস্কার আটকে দেওয়া হয়েছে, নতুন সংবিধানের ঘোষণা আটকে রাখা হয়েছে, চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি।”
তবু কোনো দাবি থেকে সরে আসেননি বলে জানান তিনি। বলেন, “আমরা সংগঠিত হচ্ছি। জনগণের দাবি আদায় করেই ছাড়ব।”
তিনি বলেন, “নরসিংদীর জনগণ গণঅভ্যুত্থানে পথ দেখিয়েছে। এখান থেকেই আবার নতুন যাত্রা শুরু হবে। আমরা জানি, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ঢাকামুখী ঢল নামবে ৩ আগস্ট।”
সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, “নরসিংদীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুরা এখনো সক্রিয়। আমরা তাদের বিতাড়িত করব।”
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী জেলখানা মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়। জেলখানা মোড় থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশের আগে দুপুরে নরসিংদী ক্লাবে ‘জুলাই আন্দোলনে’ শহীদ পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এ সময় শহীদদের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তারা। নেওয়া হয় খোঁজখবর ও সমবেদনা জানান নেতারা।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিনসহ আরও অনেকে।














