আগামী সংসদে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়জয়কার হবে বলে দাবি করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “দেশের মানুষ গত ৫ মাসে আমাদের যে সাড়া দিয়েছে, তাতে স্পষ্ট, পরিবর্তনের জন্য তারা প্রস্তুত।”
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সমাবেশেরও ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক। জানান, সেখান থেকেই ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
নাহিদ ইসলাম বলেন, “গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা বাধার মুখে পড়েছি। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা কোনো দাবি থেকে পিছু হটিনি। আমরা আবার সংগঠিত হব, জনগণের দাবি আদায় করেই ছাড়ব।”
তিনি আরও দাবি করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ‘জুলাই বিপ্লবের’ দুজন ছাত্র প্রতিনিধি আছেন, যদিও তারা নাগরিক পার্টির কেউ নন। এখন তাদের অপসারণের জন্যও ষড়যন্ত্র চলছে।”
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাহিদ বলেন, “দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে আমরা আবারও মাঠে নেমেছি। এবার জনগণই আমাদের সঙ্গে রাস্তায় রয়েছে।”
এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারা ও দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের কোর্ট রোড, সদর রোড ঘুরে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির নরসিংদী জেলা প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি। সঞ্চালনায় ছিলেন মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী।
নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষ পদযাত্রা ও সমাবেশে অংশ নেন।














