দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা
- আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
নিহত মোস্তফা কামাল কালিকচ্ছ বর্ডার বাজারে মোবাইল ব্যাংকিং ও কনফেকশনারি ব্যবসার পাশাপাশি ডেলটা লাইফ ইনস্যুরেন্সের ফিল্ড অফিসার ছিলেন। তাঁর বাড়ি কালিকচ্ছ মধ্যপাড়ায় হলেও পৈতৃক নিবাস চাঁদপুরে। তিনি বীর মুক্তিযোদ্ধা সাবেক বিডিআর সদস্য মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নন্দীপাড়া এলাকায় একা পেয়ে দুর্বৃত্তরা মোস্তফাকে মাথা ও ঘাড়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এক পথচারী তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওসি জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।














