দীর্ঘ স্বৈরশাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্রশিবির, বললেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্বৈরাচারী শাসনের ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ছাত্রশিবির—এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিবিরের কর্মীরা লেখাপড়া, মানসিক বিকাশ, এমনকি জীবনযাপন—কোনো কিছুই স্বাভাবিকভাবে করতে পারেনি।
রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দুই দিনব্যাপী ছাত্রশিবিরের লিডারশিপ ট্রেনিং ক্যাম্প–২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত সোম ও মঙ্গলবার এই ক্যাম্প হয়। বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, ইসলামের ইতিহাসে অপপ্রচারের ধারা নতুন নয়। এখনও একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর জবাব হবে গঠনমূলক কাজের মাধ্যমে।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আদর্শিক মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে ছাত্রশিবির। অনুষ্ঠানজুড়ে আলোচনা হয় জনশক্তি ব্যবস্থাপনা, স্কিল ডেভেলপমেন্ট, সংগঠন সম্প্রসারণ ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।













