১২৩ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫
- আপডেট সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা ও শাহবাগ এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
বুধবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে পৃথক অভিযানে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— মো. নাছির সরকার (৩৮), মো. ইকবাল হোসেন (৫০), আব্দুল রাড়ী (৩৭), মো. আব্দুল কাদের (৫০) ও মো. মনির হোসেন (৩২)।
ডিবি ওয়ারী বিভাগের বরাতে তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে— কিছু ব্যক্তি বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন কেনাবেচার জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও চার থেকে পাঁচজন সহযোগী পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গ্রেফতাররা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে ছিনতাই বা চুরি হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে তারা ঢাকায় এনে গোপনে বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।















