ইসরাইলের দুই চরমপন্থী মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও জাতিগত নির্মূলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ইসরাইলের দুই চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচের ওপর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
সোমবার ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক ঘোষণায় জানান, উগ্রপন্থী এই দুই মন্ত্রীকে এখন থেকে নেদারল্যান্ডসে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং শেনজেন অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে।
ডাচ মন্ত্রী ভেল্ডক্যাম্প সংসদে বলেন, বেন গভির ও স্মোট্রিচ বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণকে সমর্থন করেছেন এবং গাজায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে।
নেদারল্যান্ডস সরকারের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, তবু আমি দেশের জন্য কাজ চালিয়ে যাব। হামাস উৎখাত এবং আমাদের যোদ্ধাদের সমর্থনই আমার অঙ্গীকার।”
















