রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীরের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) ঘোষণা দিয়েছেন, দেশের সংসদ নির্বাচন কেবলমাত্র ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘পিআর পদ্ধতি’ বাস্তবায়নের পরই গ্রহণযোগ্য হবে। অন্যথায় তারা কোনো নির্বাচন মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগের জালিমরা দেশের সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া গড়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের গুলি করে পাখির মতো হত্যা করেছে। এত হত্যার পরও কোনো বিচার হয়নি।”
তিনি আরও বলেন, “২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে দেশকে সোনার দেশ হিসেবে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। ড. ইউনুস সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছিলেন। কিন্তু একটি রাজনৈতিক শক্তি তা বাস্তবায়ন হতে দেয়নি। সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত বিচার হয়নি।”
সমাবেশে চরমোনাই পীর আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষে কথা বলে। খুনি, চাঁদাবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের সহযোগী বা সিঁড়ি হয়ে কখনও রাজনীতি করেনি।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবুবকর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রভাষক শিহাব উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক সাইদুর রহমান।














