এসআইদের সতর্কবার্তা ডিএমপি কমিশনারের
পুলিশের সুনাম-দুর্নাম নির্ভর করে আপনাদের কাজের ওপর
- আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ব্রিফিং সেশনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসআইদের উদ্দেশ্যে বলেন, পুলিশ বাহিনীর সুনাম-দুর্নাম অনেকটাই নির্ভর করে তাদের কাজের ওপর। মঙ্গলবার (২৯ জুলাই) আয়োজিত এই সেশনে তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
কমিশনার বলেন, এসআইরা পুলিশের মেরুদণ্ড। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সেবাদানে তাদের ভূমিকাই বাহিনীর ভাবমূর্তি গঠনে মুখ্য। তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এটি একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, যার মান উন্নত না হলে আদালতে সাজার হার কমে যায়। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হলে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, এসআইদের নিয়োগ প্রক্রিয়া হয়েছে স্বচ্ছতার মাধ্যমে। সেজন্য তাদের আচরণেও স্বচ্ছতা ও সততা থাকা আবশ্যক। আয়ের সীমাবদ্ধতার মধ্যেই জীবন পরিচালনা করতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “চাকরি আমাদের জীবিকার মাধ্যম, পরিবারের দায়িত্ব পালনের একটি পথ। সমাজে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ। অন্য কেউ কী করছে তা না দেখে, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই গুরুত্বপূর্ণ।”
ডিএমপিতে কর্মরত ২ হাজার ৩৪৪ জন এসআইয়ের মধ্যে প্রথম পর্যায়ে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সব এসআই ও প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের এ ধরনের ব্রিফিংয়ে অংশ নেওয়ার নির্দেশনা দেন কমিশনার।















