অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

গণ অভ্যুত্থান না হলে বর্তমান পরিস্থিতিতে কেউ নির্বাচনের কল্পনাও করতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ না দিলে, সরকার পতনের দিকে না ঠেলে দিলে, শেখ হাসিনার অধীনে আপনারা নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতেন।”
সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ‘জুলাই পদযাত্রা’। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান।
নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই। কিন্তু আমরা এটাও বলেছি—শুধু ভোটাধিকার, শুধু সরকারের পরিবর্তন জীবন বদলায় না। জীবন বদলায় তখনই, যখন সংস্কার হয়—শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কাঠামোতে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সংসদ চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, একজন ব্যক্তির কথায় নয়, বরং জনগণের ইচ্ছায় রাষ্ট্র চলবে। সেই জন্য আমরা নতুন রাষ্ট্রব্যবস্থা ও নতুন রাজনৈতিক কাঠামোর পক্ষে কথা বলছি। ফলে নির্বাচনের দাবি আমাদের কারও চেয়ে কম নয়। আমরা বিচার, সংস্কার, নির্বাচন এবং সর্বোপরি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করছি।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে সকালে হরিজন পল্লীতে বসবাসকারী মানুষের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। পরে জামালপুরের জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদরাসা পরিদর্শন করেন তারা। শহরের তমালতলা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি বকুলতলা হয়ে প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।













