“সমন্বয়কদের চাঁদা দাবির খবর শুনে আমি বেদনায় নীল হয়ে গেছি: ফখরুল
- আপডেট সময় : ০৩:২০:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগে দলের তরুণ সদস্যদের বিরুদ্ধে উঠে আসা খবরে গভীর বেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সমন্বয়কদের চাঁদা দাবির খবর শুনে আমি বেদনায় নীল হয়ে গেছি। যে তরুণদের নিয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, আজ তারাই যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে, তাহলে আমরা কোথায় যাব?”
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজিত গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গোটা বাংলাদেশ এখন তরুণদের দিকে তাকিয়ে আছে। হাসিনার পতনের পর সবাই প্রত্যাশা করেছিল, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। কিন্তু এখন যেভাবে চাঁদাবাজির মতো বিষয় উঠে আসছে, তা ফ্যাসিস্ট শক্তিগুলোকেই আবার সুযোগ করে দিতে পারে।”
তিনি আরও বলেন, “এক বছর পার হয়ে গেলেও যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তাদের বিচার তো দূরের কথা, কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। জনগণ আর ধোঁকায় পড়তে চায় না।”
সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা সংস্কারের পক্ষে আছি, এবং যথাসাধ্য সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু সরকারের তরফ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং আমাদের বিপদে ফেলার অপচেষ্টা চলছেই।”
তারেক রহমানের নেতৃত্বে ‘একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ’ গড়ার প্রচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রসঙ্গে তিনি বলেন, “এই অভ্যুত্থান ছিল কোনো একক দলের নয়—শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, রিকশাচালক—সবাই এতে অংশ নিয়েছিলেন। তাই নতুন বাংলাদেশ গড়তেও সবার মত ও অংশগ্রহণ দরকার।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তরুণদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। তবে তা হতে হলে আদর্শ, শুদ্ধতা ও স্বপ্নের পথে চলতে হবে।”














