ফের বেইমানি করলো ইসরায়েল
‘মানবিক বিরতি’র ঘোষণা দিয়েও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৩ ফিলিস্তিনি
- আপডেট সময় : ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

গাজায় ‘মানবিক বিরতি’র ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ইসরায়েল। একইসঙ্গে সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর জন্য নির্ধারিত করিডোর চালু রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
তবে সেই ঘোষণা কার্যকরের কয়েক ঘণ্টা পরই গাজা সিটিতে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার হিন্দ খোদারি জানান, দেইর এল-বালাহ থেকে চালানো হামলায় একটি বেকারিকে লক্ষ্যবস্তু করা হয়, যেটি তথাকথিত নিরাপদ এলাকায় অবস্থিত।
ফিলিস্তিনি বাসিন্দারা অভিযোগ করেছেন, এই অঞ্চলেই মানবিক করিডোরের কথা বলে সামরিক তৎপরতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল।
গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে সম্প্রতি ত্রাণ সরবরাহ ও ‘মানবিক বিরতি’র উদ্যোগের ঘোষণা দেয় ইসরায়েল। এর অংশ হিসেবে আকাশপথে খাদ্য ও ওষুধ পাঠানো এবং করিডোর খোলার কথাও জানায় তেল আবিব।
তবে বাস্তব পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বরং ‘মানবিক বিরতি’র মাঝেই পুনরায় হামলা চালানোয় হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা।
গাজায় গত ২১ মাসে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
















