‘বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে’: চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম
- আপডেট সময় : ১১:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়েছেন— শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হবে না। শহীদদের যে স্বপ্ন ছিল, তা এই জাতির হাত ধরেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণের জন্য নয়, বরং বৈষম্যবিরোধী একটি বাংলাদেশ গড়ার জন্য তাদের তাজা প্রাণ উৎসর্গ করেছেন। শহীদদের সেই আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না।”
শহীদ পরিবারের দীর্ঘদিনের ক্ষোভের বিষয়ে তাজুল ইসলাম বলেন— “বিশ্বের সবচেয়ে জটিল বিচারগুলোর মধ্যে গণহত্যার বিচার অন্যতম। তারপরও আমরা মাত্র ৬ মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পেরেছি। এই মামলায় আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো কলঙ্কিত বিচার ট্রাইব্যুনাল করবে না। আমাদের প্রসিকিউশন টিম কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি কোটি টাকা দিয়েও এই টিমকে কিনতে পারবে না।”
















