‘ভূতের মুখে রাম নাম, শেখ হাসিনাও চান তত্ত্বাবধায়ক সরকার’: অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৩:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, এটা ভূতের মুখে রাম নামের মতো শোনায়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর বুধবার (২৭ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় হয়েছিল। আজ আদালতে আমরা বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি, দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তাদের সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবেন না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে কোনো ভাই তার বোনকে হারাবেন না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।
তিনি আরও বলেন, আগের সরকার বলতো, কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান।
















