নাকচ আদালতের
শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে ৪ আইনজীবীর আবেদন
- আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আবেদন করেছিলেন চার আইনজীবী। তবে আদালত তাদের আবেদন নাকচ করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ ৪নং আদালতের বিচারক মো. রবিউল আলম এই আদেশ দেন।
এদিন তিনটি মামলায় ঢাকা বারের চারজন আইনজীবী আবেদন করেন। তবে আসামি পলাতক থাকায় তাদের আইনজীবী হওয়ার আবেদন নাকচ করে দেন বিচারক।
আইনজীবীরা হলেন— মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও মো. তপু।
দুদকের প্রসিকিউটর খান মঈনুল হাসান লিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩১ জুলাই শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার এজাহারে বলা হয়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
এসইউটি/
















