রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক
- আপডেট সময় : ০৯:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অতীত নিপীড়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং আন্তর্জাতিক অনুসন্ধান পরিচালনার উদ্যোগ। এ ছাড়া হেফাজতের সমাবেশে হামলা, আলেম-ওলামা ও কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহার বিষয়েও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
হেফাজত প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফায়তুল্লাহ আজহারী।
সরকারি পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠকে সব পক্ষ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলেম-ওলামাদের সক্রিয় অংশগ্রহণে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।














