উত্তরায় মাইলস্টোনে শহীদদের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল
- আপডেট সময় : ১২:২১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস উত্তরা জোন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই মর্মান্তিক ঘটনায় যারা শহীদ হয়েছেন, তারা আমাদের সন্তানের মতো। আমরা শুধু তাদের রূহের মাগফিরাত কামনা করছি না, চাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের উপযুক্ত বিচার।”
তারা আরও বলেন, “লাশ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। শহীদ পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের সম্মান জানানোই এখন সময়ের দাবি।”
আহতদের উন্নত চিকিৎসা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও জানান তারা।
মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা ফজলুল হক, মুফতি আল-আমিন, মুফতি কাইয়ুম, মুফতি সুলাইমান সাদ, মুফতি এমরান হাসান, মাওলানা মাঈনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রিয়াদ খান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা মায়ারিফুল হক, তাইফুর রহমান, মাফিজুর রহমান, আলমগীর হুসাইন, মোশাররফ হুসাইনসহ অন্যান্য আলেমগণ।
উলামায়ে কেরাম শহীদদের জন্য কান্নাভেজা দোয়া করেন এবং সকল মুসলমানকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।












