ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন
- আপডেট সময় : ১১:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন। দলীয় সূত্র জানায়, ইসলামি আদর্শে অটল অবস্থান, জনসম্পৃক্ততা ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তরাসহ আশপাশের এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শুরু হয় পোস্টারিং, মাইকিং, ঘরোয়া সভা ও গণসংযোগ। স্থানীয় নেতাকর্মীরা এই মনোনয়নকে “আল্লাহভীরু নেতৃত্বের স্বরূপ” বলে আখ্যা দেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, “আমার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন দিয়ে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলননির্ভর পরিচিতি ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ়তার কারণে মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই আসনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করতে পারেন প্রতিপক্ষদের। অনেকে বলছেন, তার মনোনয়ন ঢাকার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সাধারণত প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেই লড়াই সীমাবদ্ধ থাকে। কিন্তু খেলাফত মজলিসের মনোনয়ন এবার সেই সমীকরণে ভিন্নমাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।














