আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন হতে হবে ‘পিআর’ পদ্ধতিতে: পীর সাহেব চরমোনাই
- আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের আগেই কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তাঁর ভাষ্য, “আগে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। পরে নির্বাচন। তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে। কারণ, আর কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা না তুলতে পারে ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের দাবিসমূহ ছিল—রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন।
মুফতি রেজাউল করিম বলেন, “৫ আগস্টের ঘটনার পর দেশের মানুষের মাঝে ইসলামের পক্ষে এক ধরনের হৃদ্যতা তৈরি হয়েছে। এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইসলামী শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা আল্লাহর রহমতে অনেকদূর এগিয়েছি। এখন জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। ৫৩ বছরের ইতিহাসে যারা দেশ শাসন করেছে, তারা বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, চাঁদাবাজি ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। এতে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।














