আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমীর
- আপডেট সময় : ১১:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তবে কোনো ধরনের ‘অপরিপক্বতা’ (প্রি-ম্যাচিউরড) গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় কোনো নির্বাচন আর এ দেশের মানুষ মেনে নেবে না। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা। যার প্রক্রিয়ায় থাকবে স্বচ্ছতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং কালো টাকা ও পেশিশক্তিমুক্ত পরিবেশ।”
দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বলেন, “এই দেশে চারিত্রিক সম্পদের অভাব রয়েছে। ৫৪ বছরেও একটি সুশাসিত রাষ্ট্র গঠন হয়নি, কারণ যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা জনগণের চিন্তা করেন না—নিজস্ব স্বার্থকেই প্রাধান্য দেন। তাঁরা দুদককে ভয় পান, আল্লাহকে নয়। অথচ আল্লাহকে ভয় করলে দেশ অনেক দূর এগিয়ে যেত।”
তিনি বলেন, “আওয়ামী লীগ আমলে দেশের বিপুল সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশে থাকলে আর্থিক সংকট থাকতো না। মানুষ উন্নত জীবন পেত।”
দুর্নীতির বহুমুখী রূপ তুলে ধরে তিনি বলেন, “সবচেয়ে ভয়াবহ হলো বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এই দুর্নীতি সমাজকে নষ্ট করে দেয়। আমরা চাই জামায়াতের নেতৃত্বে একটি মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হোক।”
জামায়াত আমীর বলেন, “ফ্যাসিবাদবিরোধী বিপ্লব কারও একক কৃতিত্ব নয়। এই বিপ্লবের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই। সবাই এর অংশ। সবাই মিলে একটি সুখী, ন্যায্য ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে হবে।”
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমীর কাজী জমির হোসাইনের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর উত্তর আমীর ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান ও মহানগর আমীর ফখরুল ইসলাম।













