পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা সব রাজনৈতিক দলকে নিয়ে অতীতকে স্মরণ করতে চেয়েছিলাম। এর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যকে দৃশ্যমান করা। কিন্তু এক বছর না যেতেই আমরা পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখতে পাচ্ছি।”
বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে। তা না হলে পরাজিত শক্তি এটিকে সুযোগ হিসেবে দেখবে।”
বৈঠকে অংশ নেওয়া দলগুলো রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার প্রতিশ্রুতি দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানায়।
নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাঁরা নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় ফোরাম বা বৈঠক আরও নিয়মিতভাবে আয়োজনের অনুরোধ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।
এর আগে গতকাল রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।















