মাহেরীনের বীরত্বে মুগ্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
- আপডেট সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর মৃত্যু ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মত্যাগে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার পক্ষ থেকে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে বাংলাদেশকে সমবেদনা ও সংহতি জানাবেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, “শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।”
গত সোমবার দুপুরে ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে। এরপর রাত ১২টার কিছু পর রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় নাফি নামে এক শিক্ষার্থী।















