স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইলেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ
- আপডেট সময় : ০৫:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ২৩ জুলাই বুধবার চাঁদপুরে এক পথসভায় তিনি বলেন, “ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। বেতন-ভাতা ফেরত দিয়ে তাঁর পদত্যাগ করা উচিত।”
সভায় তিনি অভিযোগ করেন, “এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। তিনি যে বেতন নেন তা হারাম। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন, তা জনগণের সাথে বেইমানির শামিল। তিনি স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। তাঁর মাধ্যমে স্বাস্থ্যখাত ধ্বংসের মুখে পড়েছে।”
জাতীয় নিরাপত্তা ও দুর্নীতি প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যে দেশে আপনার সন্তানকে স্কুলে পাঠালে তার মাথায় ভবন ভেঙে পড়ে, আকাশ থেকে বিমান পড়ে—সেই রাষ্ট্রব্যবস্থা আমরা চাই না। শেখ হাসিনার আমলে দুর্নীতির যে মাত্রা ছিল তা উদাহরণ হয়ে থাকবে। বিমান বাহিনীর সাবেক প্রধান ৩ হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত—এটা সবাই জানে।”
তিনি আরও বলেন, “বিমানবাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের জানতে হবে, বিমানগুলো আদৌ নিরাপদ কি না।”
পথসভার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুরবাসীর উদ্দেশ্যে সারজিস আলম বলেন, “আপনারা যেভাবে এই বিপ্লবে অংশ নিচ্ছেন, তা আমাদের জন্য সাহসের উৎস। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি—এই আন্দোলন আপনাদের রক্তের ঋণে শক্তিশালী হচ্ছে।”
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু আমরা আর তদন্ত কমিটির নাটক দেখতে চাই না। ভবিষ্যতের বাংলাদেশে প্রতিটি ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক সামান্তা শারমিন, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম।
চাঁদপুরের পথসভা শেষে এনসিপি নেতৃবৃন্দ দুপুর ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেন। পরে শাহরাস্তির দোয়াভাঙ্গায় আরও একটি পথসভায় অংশ নেন তারা।














