“গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার” বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভ দমনে গুলির বিষয়ে আলোচনার এক ভিডিওতে বিতর্কিত মন্তব্য করা ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বুধবার (২৩ জুলাই ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাঁর বরখাস্তের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অনুপস্থিতি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এই কর্মকর্তা সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৪৩ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্দোলনকারীদের গুলিবিদ্ধ অবস্থার ভিডিও দেখিয়ে বলেন,
“গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।”
ওই সময় মন্ত্রীর আশপাশে ছিলেন একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও দেখা যায়। ভিডিওটি ধারণ করা হয় তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা একজনের মোবাইল ফোনে। মন্ত্রী মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেও তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
জুলাইয়ের মাঝামাঝি থেকে ৪ আগস্ট পর্যন্ত চলা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন, আহত হয়েছেন শতাধিক।
সূত্রমতে, মোহাম্মদ ইকবাল হোসাইন ছাড়াও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পুলিশের আরও অন্তত ২৫ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।















