গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
- আপডেট সময় : ০৯:৩১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযানে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত সেনা রিজার্ভ স্টাফ সার্জেন্ট ভ্লাদিমির লোজা (৩৬), যিনি ৫ম ব্রিগেডের ৭০২০ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন, দক্ষিণ ইসরায়েলের আশকেলন এলাকার বাসিন্দা।
আইডিএফ জানায়, রাফায় একটি সামরিক অভিযানের সময় একটি ভবন ধসে পড়লে তিনি নিহত হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বে স্থাপন করা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের জেরে এই ধসের ঘটনা ঘটে।
এর আগে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, গাজা উপত্যকায় একজন সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। তবে ওই ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে দক্ষিণ গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া সেনারা বড় ধরনের প্রাণহানির মুখোমুখি হচ্ছেন। এইসব অঞ্চলে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সামরিক বাহিনীর মধ্যে মানসিক ও মানবিক চাপে ভুগছেন অনেকে।
















