বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি নাহিদ ইসলামের
- আপডেট সময় : ০৯:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা ও পরবর্তী বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, তাহলে জনগণকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।”
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি তুলেছে, আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। শিক্ষাবিষয়ক উপদেষ্টা ফোন রিসিভ করছেন না, অন্য উপদেষ্টারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ থেকেই সরকারের অদক্ষতা বোঝা যায়।”
তিনি অভিযোগ করেন, “সোমবার রাত থেকেই মরদেহ গুম হওয়া নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সরকার যদি সঠিক তথ্য সরবরাহ করতো, তাহলে এমন বিভ্রান্তি তৈরি হতো না। দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিল, তা অবিলম্বে প্রকাশ করা জরুরি।”
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।














