উত্তরায় বিমান বিধ্বস্ত, হেলিকপ্টারে করে আহত ৪ জন সিএমএইচে নেওয়া হয়েছে
- আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ছাদে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত চারজনকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, “বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয় বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নেওয়া হয়েছে।”
মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানান, “বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে কলেজের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এক শিক্ষার্থী মারা গেছে বলেও জানা গেছে।”
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।















