আমরা স্বৈরাচার পতনে সফল হলেও রাষ্ট্র গঠনে ব্যর্থ: চট্টগ্রামে এনসিপি সমাবেশে হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ১০:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা সফলভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পারলেও একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছি।”
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা অতীতে আমাদের শাসন করেছে, তারা জানত—দিন শেষে তারা বাংলাদেশে থাকতে পারবে না। তারা আগেই ভারতের, আমেরিকার, লন্ডনের জন্য নিজেদের নিরাপদ জায়গা করে রেখেছিল। কিন্তু আমরা যারা বাংলাদেশেই থাকব, আমাদের এখানেই থাকতে হবে, এখানেই রাষ্ট্র গঠনের দায়িত্ব নিতে হবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের আগের প্রজন্ম আমাদের কিছু দিয়ে যায়নি। তারা ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাতের বিপর্যয় ও সাম্প্রদায়িক বিভেদ দিয়ে গেছে। এখন সময় এসেছে নতুন প্রজন্মকে এসব সমস্যার সমাধানের দায়িত্ব নেওয়ার।”
সমাবেশে সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “আমাদের একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে হবে। ইনসাফের ভিত্তিতে একটি নতুন চট্টগ্রাম গড়তে হবে।”
এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান পর্যন্ত বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।
এর আগে সকালেই রাঙামাটির কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা চট্টগ্রামে আসেন। আগামীকাল সোমবার তারা খাগড়াছড়িতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।













