সমকামীদের প্রমোট করতে মানবাধিকার কমিশনের অফিস: মামুনুল হক
- আপডেট সময় : ১১:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে সমকামীদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের চুক্তিকে তীব্র ভাষায় বিরোধিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামে একটি সমাবেশে যোগদানের পূর্বে জেলা শহরের মিশন মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “বিশ্বব্যাপী যারা সমকামিতার অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার কমিশনকে ব্যবহার করছে, তারাই বাংলাদেশে সমকামিতার জন্য সুযোগ তৈরি করতে চায়।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের সঙ্গে যেকোনো চুক্তি করার আগে দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা উচিত। ধর্মীয় মূল্যবোধে আঘাত হানতে পারে—এমন কোনো বিষয় জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।”
এ সময় তিনি ২০২৪ সালের “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে” গুম-খুনের বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “এসব অপরাধে আওয়ামী ফ্যাসিবাদের বিচার জাতি দেখতে চায়।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।
পথসভা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী মাওলানা ঈসমাইল হোসেন আল্লামা মামুনুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর তিনি তার সফরসঙ্গীদের নিয়ে মাইক্রোবাসযোগে পাটগ্রামের টিএন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে রাত ৯টার দিকে তার আরেকটি বক্তব্য দেয়ার কথা রয়েছে।














