বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আজ এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দাঁড় করান। পরে অসুস্থ শরীরেই আবার মাইক্রোফোন হাতে তুলে নেন তিনি এবং বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে…” — এর পর তিনি আর বাক্য শেষ করতে পারেননি।
পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে পাশেই থাকা প্রস্তুত মেডিকেল টিমের কাছে নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে বসে থেকে তিনি সমাপনী বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব ততদিন লড়াই চলবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় সরকার গঠন হয়, তাহলে কোনো এমপি সরকারি গাড়িতে উঠবে না। দুর্নীতি করব না, চাঁদা নেব না, চাঁদা নিতে দেব না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, আমাদের এ লড়াই চা বাগানের শ্রমিক, দিনমজুর, রিকশাচালকদের জন্য। তাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়েছি।”
শেষে জামায়াত আমির বলেন, “আমার দুর্ভাগ্য ২৪ সালে শহীদ হতে পারিনি। আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দেন।”













