আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
“সময় যতই লাগুক, গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করবোই”
- আপডেট সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এটি একটি ম্যারাথনের মতো লম্বা যাত্রা হলেও সময় যতই লাগুক, দেশপ্রেম ও সংগ্রামের শক্তিতে সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।
শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি কেবল ইতিহাস নয়, এটি হয়ে উঠেছে জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন উচ্চারিত হবে সেই আন্দোলনের শহীদ, আহত ও সংগ্রামীদের নাম।”
আসিফ মাহমুদ আরও বলেন, “আজকের এই প্রতীকী ম্যারাথনের মতোই, জুলাইয়ের লড়াকুরাও কোনো প্রশিক্ষণ ছাড়াই দাঁড়িয়েছিল লেথেল ওয়েপনের বিরুদ্ধে। তাদের সাহসিকতা ছিল আত্মত্যাগের নিদর্শন।”
তিনি বলেন, “স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে নাগরিক মর্যাদা ও সাম্যের যে লড়াই জুলাই মাসে হয়েছিল, তা কেবল একটি সময়ের আন্দোলন নয়; বরং ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন। সেই স্বপ্ন আজও অসম্পূর্ণ। একে বাস্তবে রূপ দিতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।”
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত মুক্তিযোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রায় সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন।
ম্যারাথন শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজনজুড়ে ছিল আবেগঘন পরিবেশ ও ‘জুলাই চেতনা’ ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়।















