ইসরাইল এক রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র : এরদোয়ান
- আপডেট সময় : ০২:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, ইসরাইল একটি রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। তিনি অভিযোগ করেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে দস্যুবৃত্তিমূলক হামলা চালাচ্ছে ইসরাইল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় তুরস্কের মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
এরদোয়ান বলেন, “ইসরাইল সীমাহীন উদ্ধত, নীতিহীন, লুণ্ঠনকারী এবং আইন না মানা এক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায়, কিন্তু তারা যেন মনে রাখে— তারা এই ভূমিতে অতিথি, আর আমরা এই ভূমির প্রকৃত মালিক।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “সিরিয়াকে টুকরো টুকরো করার যেকোনো চেষ্টা তুরস্ক কখনো মেনে নেবে না। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মৌলিক অবস্থান। আমরা শান্তিপূর্ণ ও সম্মানজনক পররাষ্ট্রনীতির মাধ্যমে এ অবস্থান ধরে রাখব।”
তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, দেশটি সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
















