গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ১০:১৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৬৭ জনের বেশি।
তুরস্কের আনাদোলু বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, চলমান অভিযানে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক হামলাগুলোতে মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিরাও ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহ করতে এসে ২৬ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে শুরু হওয়া এ ধরনের হামলায় এখন পর্যন্ত ৮৭৭ জন নিহত ও ৫ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এই চার মাসে গাজায় ৭ হাজার ৮৪৩ জন নিহত ও প্রায় ২৮ হাজার মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে একটি মামলা চলছে।
তথ্যসূত্র: Anadolu Agency
















