মানুষের সেবার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত এক সমাবেশে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মানুষের সেবার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। তার মতে, সরকারি কর্মকর্তাদের কাজ শুধুমাত্র দাপ্তরিক দায়িত্ব পালনে সীমাবদ্ধ নয়, বরং জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রকৃত কর্তব্য।
বুধবার (১৬ জুলাই) সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসন যদি জনবান্ধব হয়, তাহলে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যা সম্পর্কে সম্যকভাবে অবহিত থাকেন।
প্রচলিত আইন, বিধি ও নীতিমালার আলোকে সরকারি কার্যক্রম বাস্তবায়ন এবং জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
ড. খালিদ সরকারি কর্মকর্তাদেরকে জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ, দায়িত্বশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে।
তিনি সবার প্রতি সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সমাবেশের আগে ধর্ম উপদেষ্টা সাতকানিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শন করেন।














