তেহরানের সাবেক রাষ্ট্রদূতের দাবি
ইরানের পাল্টা হামলায় ৩০ ইসরাইলি পাইলট নিহত
- আপডেট সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

১২ দিনের যুদ্ধে ইরানের পাল্টা হামলায় অন্তত ৩০ জন ইসরাইলি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা মেহের।
কুমি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের উদ্দেশ্য ছিল শাসনব্যবস্থা পরিবর্তন ও তেহরানে পশ্চিমা প্রভাব ফিরিয়ে আনা। তবে তারা এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “এটি দখলদার ইসরাইলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। তাই তেলআবিব সরকার এখনো এ নিয়ে অনেক তথ্য গোপন করেছে।”
সাবেক এই কূটনীতিক জানান, সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ইসরাইলে পাল্টা হামলা চালায়। এতে ২২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
প্রসঙ্গত, গত ১৩ জুন শুরু হওয়া এই সংঘাতে ইসরাইল প্রথমে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। ২২ জুন যুক্তরাষ্ট্রও যুক্ত হয়ে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কঠোর জবাব দেয়।
২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনও বহাল রয়েছে।
তথ্যসূত্র: মেহের নিউজ















