গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪, গুলিবিদ্ধ ৯
- আপডেট সময় : ১০:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত পর্যন্ত নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (৩০), কোটালিপাড়ার রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানান, হাসপাতালে চারজনের মরদেহ আনা হয়েছে। তাদের শরীরে হামলার চিহ্ন রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অস্ত্রোপচার চলছে।
সংঘর্ষে আহতদের প্রকৃত সংখ্যা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।
বিকেলে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজিত সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করে এবং সন্ধ্যা ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে।
ঘটনার সময় এনসিপির শীর্ষ নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।















